ভারতকে চিরবিদায় জানালো ফোর্ড

২৪ জুলাই, ২০২২ ০০:০৭  
ভারতকে বিদায় জানলো ফোর্ড। চেন্নাইয়ের মারাইমালাই নগর প্লান্ট থেকে শেষ গাড়ি উন্মোচন করল এই মার্কিন সংস্থাটি। বিগত কয়েক মাস ধরেই ফোর্ডের প্রস্থান করার জল্পনা চলছিল। সেই জল্পনা সত্যি করে সংস্থাটির তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছিল, তারা ভারতে উৎপাদন বন্ধ করতে চলেছে। ২০২১ সালের অক্টোবর মাসে সানান্দ প্লান্টে উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করে দেয় এই সংস্থা। পরে এই প্লান্ট টাটা মোটরস অধিগ্রহণ করে। বাকি ছিল কেবল চেন্নাইয়ের মারাইমালাই নগর প্লান্ট। যা ভারতে ফোর্ডের প্রথম ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি। এবার এই প্লান্ট থেকেও বিদায় জানাতে চলেছে সংস্থা। এদিন এই প্লান্ট থেকে শেষ কম্প্যাক্ট এসইউভি গাড়ি ইকোস্পোর্ট উন্মোচন করে ফোর্ড। এই গাড়ি হল সংস্থার তৈরি শেষ মেড ইন ইন্ডিয়া গাড়ি। এটি কেবল রপ্তানি করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিন সংস্থার এক কর্মী এই গাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। উল্লেখ্য, ফোর্ডের আগে ভারত থেকে ব্যবসা গুটিয়েছে শেভ্রলেট, ফিয়াট, ইউনাইটেড মোটরস, হার্লে ডেভিডসন এবং ডাটসান। পরপর এতগুলো বড় বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থার ভারত ত্যাগ করার বিষয়টিকে মোটেই ভালো চোখে দেখছে না অটোমোবাইল বিশেষজ্ঞরা। ডিবিটেক/বিএমটি